স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
রবিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানে ছিল আগত অতিথি ও জনসাধারণের উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিংহপুরুষ হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী জনাব মোঃ ইকবাল হাসান মাহমুদ টুকু। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে নির্বাচিত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম আলামিন-কে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করেন। সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন—
“এই সম্মাননা আমার সকল প্রিয় ভোটার ভাইদের। যাদের ভালোবাসা, আস্থা ও বিপুল ভোটে আমি বিজয়ী হয়েছি। সম্মান প্রদানের মালিক আল্লাহ, তাঁর কাছে আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়ীদের উন্নয়ন, শিল্পায়ন বৃদ্ধি ও জেলার অর্থনৈতিক অগ্রযাত্রায় চেম্বারের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সবশেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।